23/10/2022
তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন। এই নিয়ে নানাজনে নানানধরণের টিপ্পনী, ব্যঙ্গ করছেন। আমরা মনে করি এটা সম্পূর্ণ অনভিপ্রেত। আমরা যারা রাজনীতি করি, আমাদের সবসময় রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যবোধ বজায় রাখতে হবে। এর আগেও সিপিআইএম নেতা, একদা বামফ্রন্ট সরকারের মন্ত্রী গৌতম দেবের শারিরীক অসুস্থতা নিয়ে নানাবিধ অসৌজন্যমূলক কথাবার্তা হয়েছিল, যা ছিল একদমই শিষ্টাচারহীন। আমরা এগুলি থেকে সবসময় দূরে থাকি। বরং আমরা অভিষেকের দ্রুত সুস্থতা কামনা করে এই প্রশ্ন করতে পারি যে এইরকম আধুনিকতম চোখের চিকিৎসা পশ্চিমবঙ্গে করার বিষয়ে রাজ্যসরকার যাতে উদ্যোগ গ্রহণ করে। এই রাজ্যের গরীব-গুর্বো আদিবাসী, দলিত, তফসীলি, সংখ্যালঘু মুসলমানরা কাড়ি, কাড়ি টাকা খরচ করে তো আর অভিষেক বাবুর মতন সুদূর মার্কিন মুলুকে চোখের চিকিৎসা করাতে যেতে পারবেন না। রাজ্যের সকলেই কিন্তু অভিষেক বন্দোপাধ্যায়ের মতো বিত্তবান বা মুখ্যমন্ত্রীর স্বজন নন। বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্তও নন। রাজ্যের ব্লক, জেলা হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিকাঠামো না থাকার কারনে উত্তরবঙ্গ থেকে কিংবা সুদূর বাঁকুড়া, পুরুলিয়া, জঙ্গলমহল থেকে প্রান্তিক বঞ্চিত মানুষেরা কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে রাস্তাতেই তো প্রাণত্যাগ করছেন। তাছাড়া অনেকের কলকাতা পর্যন্ত পৌঁছানোর আর্থিক সঙ্গতি নেই।
এছাড়া এই প্রসঙ্গে এটাও বলতে হয় যে ভারত সরকারের Indian Council of Medical Research-ICMR অথবা রাজ্যের স্বাস্থ্য দফতর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত গবেষণার কাজে অর্থ বরাদ্দ দিনদিন কমাচ্ছে। বহু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত পরিমানে সরঞ্জাম নেই। সরঞ্জামের অভাবে উচ্চপর্যায়ে গবেষণার কাজ হচ্ছে না। এর জন্য বহু মেধাবী ছাত্রছাত্রী দেশ ছেড়ে, রাজ্য ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছে অর্থাৎ brain drain হয়ে চলেছে। দেশের মানব সম্পদের অপচয় হচ্ছে। তাদের মধ্যে কেউ, কেউ দেশের ফিরে এলেও এখানে কাজের উপযুক্ত পরিবেশ, পরিকাঠামো পাচ্ছেন না। ফলে আবার reverse brain drain হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা আবারও বিদেশে ফিরে যাচ্ছেন।
আমাদের গবেষণার মানোন্নয়ন ঘটাতেই হবে। চিকিৎসার মান বাড়াতেই হবে। মাননীয়া মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো, হাসপাতাল আর মেডিকেল কলেজের বাইরে নীল-সাদা রঙ আর বড় বড় গেট ও বিল্ডিং তৈরি করে দিলে হবে না। চিকিৎসা গবেষণার মানোন্নয়নে অর্থ বরাদ্দ বাড়ান, সরঞ্জাম কেনার জন্য অর্থ বরাদ্দ করুন। এই ব্যবস্থাগুলি না করে মেলা, উৎসবে মেতে থাকলে রাজ্য রসাতলে যাবে।
পীরজাদা নওসাদ সিদ্দিকী
বিধায়ক, ভাঙড় বিধানসভা
চেয়ারম্যান, আইএসএফ
২৩/১০/২২