19/08/2026
টাঙ্গাইল বন বিভাগে বন কর্মকর্তাকে রাজনৈতিক চাপ প্রয়োগ ও বদলির ঘটনায় প্রতিবাদ
টাঙ্গাইলের সখীপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা জনাব এমরান আলীকে জনসমক্ষে ২৪ ঘণ্টার মধ্যে বদলির নির্দেশ দেওয়ার পর তাঁকে বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে সংযুক্ত করা হয়েছে উক্ত ঘটনায় বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ) গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
বন বিভাগের কর্মকর্তারা দেশের বন,বনভূমি, বন্যপ্রাণী ও সরকারি বনজসম্পদ রক্ষায় আইন বিধিবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে যথাযথ প্রশাসনিক প্রক্রিয়ায় তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। কিন্তু জনসমক্ষে একজন রাজনৈতিক ব্যক্তির মাধ্যমে একজন দায়িত্বশীল বন কর্মকর্তাকে বদলির নির্দেশ দেওয়া এবং পরবর্তীতে তাঁকে সংযুক্ত করা বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মর্যাদা, স্বাধীনভাবে দায়িত্ব পালনের অধিকার ও মনোবলের জন্য অত্যন্ত উদ্বেগজনক। বনভূমি রক্ষা ও অবৈধ দখল উচ্ছেদের মতো স্পর্শকাতর কাজে নিয়োজিত মাঠপর্যায়ের কর্মকর্তারা যদি দায়িত্ব পালনের কারণে রাজনৈতিক চাপ বা তাৎক্ষণিক বদলির আশঙ্কায় থাকেন, তাহলে বন আইন বাস্তবায়ন ও দেশের বনজসম্পদ সংরক্ষণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।
বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন মনে করে, বন কর্মকর্তাদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে আইনানুগভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো কর্মকর্তা অপরাধ বা অনিয়ম করলে তদন্ত ও প্রমাণের ভিত্তিতে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক; কিন্তু রাজনৈতিক চাপের কারণে কোনো কর্মকর্তার প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া বা বদলি হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সরকারের সর্বোচ্চ জায়গাই নীতিনির্ধারণ করে আইন করা হয়েছে। কোন ধারনা থেকে আইন তৈরি হয়নি। সেই আইন মাঠে প্রয়োগ না হলে স্বল্প জনবল নিয়ে বন বিভাগের লোকজন মাঠ পর্যায়ে কাজ করা দুষ্কর হয়ে পরবে।
অতএব, রেঞ্জ কর্মকর্তা জনাব এমরান আলীকে বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে সংযুক্ত করার বিষয়টি পুনর্বিবেচনা করে তাঁকে যথাযথ কর্মস্থলে দায়িত্ব পালনের সুযোগ প্রদান এবং ভবিষ্যতে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আইনানুগ দায়িত্ব পালনে রাজনৈতিক বা অন্য কোনো ধরনের চাপমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন।
বন রক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারিদের মনোবল ভেঙে নয়, তাঁদের পাশে দাঁড়িয়েই দেশের বনজসম্পদ রক্ষা করতে হবে।
বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)
ঢাকা, বাংলাদেশ